সাইফের হারানো ঘি নিয়ে নেটদুনিয়ায় হাসির ঝড়
বলিউড অভিনেতা সাইফ আলি খানের হারিয়ে যাওয়া ‘ঘি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে চলছে নানা রকম হাসি-ঠাট্টা। অবশেষে সেই ঘি পাওয়ার ইঙ্গিত মিলতেই ভক্তদের মধ্যে নতুন করে শুরু হয়েছে রসিকতা। বিষয়টি নিয়ে আলোচনা থামানোর চেষ্টা করেও যেন ভক্তদের আরও বেশি হাসির খোরাক জুগিয়েছেন অভিনেতা।
ঘটনার সূত্রপাত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসরে। সেখানে সাইফ জানিয়েছিলেন, অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া গোবর্ধন ঘির দুই বছরের সরবরাহ তখনো তাঁর হাতে পৌঁছায়নি। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তৈরি হতে থাকে অসংখ্য মিম ও মজার পোস্ট। এমনকি সাইফের সেই ঘির খোঁজ রাখার জন্য একটি বিশেষ ভক্ত-অ্যাকাউন্টও খোলা হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাইফ। তবে প্রশ্নোত্তর শুরু করার আগেই তিনি মজার ছলে অনুরোধ করেন, গোবর্ধন ঘি নিয়ে যেন কেউ কোনো প্রশ্ন না করেন। অভিনেতার এই অনুরোধ শুনে ভক্তরা থেমে থাকেননি। বরং মন্তব্যের ঘরে ঘি নিয়ে একের পর এক প্রশ্ন আসতে থাকে।
এক ভক্ত জানতে চান, অবশেষে সেই বহুল আলোচিত ঘি তাঁর কাছে পৌঁছেছে কি না। জবাবে সাইফ আবারও বিষয়টি এড়িয়ে গিয়ে ভালো ও মজার অন্য কিছু নিয়ে কথা বলার আহ্বান জানান। আরেকজন রসিকতা করে বলেন, বিনা মূল্যে ঘি পাওয়ার আশাতেই নাকি ইনস্টাগ্রামে এসেছেন অভিনেতা।
হাসতে হাসতে সাইফ জানান, তিনি নিজের ইচ্ছাতেই এসেছেন। কিন্তু ঘি নিয়ে ঠাট্টা চলতে থাকায় শেষ পর্যন্ত বিরক্তি মেশানো হাসিতে তিনি বলেন, বিষয়টি এবার বন্ধ করা দরকার।
এদিকে সাইফের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে পেছনে কয়েকটি বড় ঘির পাত্র দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ‘আজীবনের সরবরাহ’ পাওয়ার প্রসঙ্গ তুলে ধরায় ভক্তদের ধারণা, অবশেষে পুরস্কারের ঘি তাঁর কাছে পৌঁছেছে। যদিও ভিডিওটি সত্যিই ঘি পাওয়ার খবর নিশ্চিত করছে, নাকি এটি পরিকল্পিত প্রচারণার অংশ, তা স্পষ্ট নয়।
ভিডিওটি প্রকাশের পর বিনোদনজগতের পরিচিত ব্যক্তিরাও মজার মন্তব্য করেছেন। সনি লিভের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে বিষয়টিকে বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়। সংগীতশিল্পী যশরাজ মুখাতে লেখেন, ‘ঘি রিফিল’। অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দও ইনস্টাগ্রামে সাইফের সাবলীল উপস্থিতির প্রশংসা করেন।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে ‘@gheeonsaifside’ নামের ভক্ত-অ্যাকাউন্টে। সাইফের পুরস্কারের ঘির খোঁজ রাখার জন্য তৈরি এই অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয়, অবশেষে দুই বছরের ঘির সরবরাহ পাওয়ার খবর মিলেছে। অন্য ভক্তরাও মন্তব্যে মজার প্রতিক্রিয়া জানান।
কেউ বলেন, এই ঘি আর কখনো শেষ হবে না, আবার কেউ পুরো ঘটনাটিকে ব্র্যান্ডের চমৎকার বিপণন কৌশল বলে উল্লেখ করেন।
সব মিলিয়ে, একটি পুরস্কারের ঘি নিয়ে শুরু হওয়া সাধারণ মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনের বড় উপকরণ হয়ে উঠেছে। ঘি পাওয়ার খবর পুরোপুরি নিশ্চিত না হলেও সাইফ আলি খান ও তাঁর ভক্তদের এই রসিকতা আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।