ঢাকা

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত ৭

জর্ডানের বিমান হামলায় সিরিয়ায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে জর্ডানের সঙ্গে সংযোগকারী প্রধান সীমান্তপথ বন্ধ করে দিয়েছে সিরিয়া সরকার।

সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জর্ডানের সশস্ত্র বাহিনীর দাবি, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। এতে গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন এবং একাধিক যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। তবে সিরিয়া সরকার এই অভিযানে নিজেদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি অস্বীকার করেছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা হোয়াইট হেলমেটস জানায়, দারা ও সুওয়েদা প্রদেশের চারটি স্থানে হামলা চালানো হয়। দারা প্রদেশের আল-তাই গ্রামের একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে তিন শিশু ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন। একই প্রদেশের আল-শাইয়াহ এলাকায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। অন্যদিকে, সুওয়েদা প্রদেশের শাহবা শহরে হামলায় ৬০ বছর বয়সী আরেক ব্যক্তি প্রাণ হারান। মুজায়রিবে একটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জর্ডানের এই অভিযানকে ‘বিশ্বাসঘাতকতামূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এ ঘটনার পরিণতি মোকাবিলায় কাজ করবে সিরিয়া সরকার। অন্যদিকে, সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পূর্বসমন্বয় বা আনুষ্ঠানিক অবহিতকরণ ছাড়াই অভিযানটি পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

হামলার পর সিরিয়া ও জর্ডানের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগপথ নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই পথে যাত্রী ও পণ্য পরিবহন স্থগিত রয়েছে। এর আগে জর্ডানের আল-জাদিদা গ্রামে প্রায় তিন ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দুই ভাই ও তাঁদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। জর্ডানের এক সরকারি সূত্রের দাবি, বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজনরা গুরুতর আহত হন।

এর আগে জর্ডানের কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটে। শুক্রবার শেষকৃত্যে অংশ নেওয়া শোকাহত ব্যক্তিদের লক্ষ্য করে তিন বন্দুকধারী গুলি চালালে অন্তত নয়জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন এবং দেশের নিরাপত্তাব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স