ঢাকা

যুদ্ধ পরিস্থিতিতেই পাকিস্তানে ভূমিকম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শনিবার সকালে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পনের ফলে আতঙ্কিত জনগণের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার নিচে। ভূমিকম্পটির ভৌগোলিক স্থানাঙ্ক ছিল ৩৬.৬৩° উত্তর অক্ষাংশ ও ৭১.১৩° পূর্ব দ্রাঘিমাংশ।

ইসলামাবাদ ছাড়াও অ্যাটক, পেশোয়ার, মারদান, সুয়াত, নওশেরা, স্বাবি, উত্তর ওয়াজিরিস্তানসহ খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ভূমিকম্প পাকিস্তানে একটি নিয়মিত আতঙ্কে পরিণত হয়েছে। গত ১২ এপ্রিল পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখাওয়ায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার। এরপর ১৬ এপ্রিল আবারও ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা সুয়াত, মালাকান্দ, শাংলা, চিত্রাল, অ্যাবোটাবাদ, মোহমান্দ ও লোয়ার দিরসহ বহু অঞ্চলে অনুভূত হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বসে আছে। ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের নিচে সরে যাওয়ার ফলে দক্ষিণ এশিয়াজুড়েই ভূমিকম্পের আশঙ্কা থাকে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স