দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি এখন মাত্র ১৫টি ব্যাংকের হাতে পুঞ্জীভূত। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে এই ১৫টি ব্যাংকের খেলাপি ঋণের অঙ্ক ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকার রেকর্ড ছাড়িয়ে গেছে। একই সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের গড় হার ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে, যার পেছনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণখেলাপির হার বৃদ্ধিকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক বাদ দিলেও বাকি ১০টি ব্যাংকের কাছেই মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে। অর্থাৎ পুরো ব্যাংক খাতের সংকট মূলত নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেই ঘনীভূত। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্পদের মানহানি, মূলধন ঘাটতি এবং মুনাফা হ্রাসের মতো দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে খাতটি এখনো জর্জরিত। অতিরিক্ত তারল্য পরিস্থিতিতে সামান্য স্বস্তি ফিরলেও ব্যাংকগুলোর মৌলিক আর্থিক দুর্বলতা কাটেনি। আমানতকারীদের আস্থায় কিছুটা ইতিবাচক ইঙ্গিত মিললেও ঝুঁকি ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিরও আরও অবনতি ঘটেছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশে ঠেকেছে, যা আন্তর্জাতিক বাসেল-৩ নীতিমালার ন্যূনতম ১০ শতাংশের চেয়ে অনেক নিচে। খাতওয়ারি হিসাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত (সিআরএআর) ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে ০ দশমিক ৮২ শতাংশে এবং বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশে নেমে এসেছে।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অবস্থাও বেশ নাজুক। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক ছাড়াও অন্য ইসলামী ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। মূলত একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের বিশাল খেলাপি ঋণের কারণে চতুর্থ প্রান্তিকে পুরো ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর।

এ সংকট কাটাতে এবং ঋণ আদায়ে গতি আনতে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে খেলাপি গ্রাহকদের জন্য বিশেষ এক্সিট সুবিধা চালু, প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন-২০০৩ সংশোধনের মতো পদক্ষেপ উল্লেখযোগ্য। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এসব আইনি ও কাঠামোগত সংস্কার বাস্তবায়িত হলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

ব্যাংক খাতের চাপের বিপরীতে সামগ্রিক অর্থনীতিতে কিছুটা আশার আলো দেখা গেছে। উৎপাদন খাত ঘুরে দাঁড়ানোয় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি আগের প্রান্তিকের ২ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। তবে এ গতি ধরে রাখতে খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের স্থবিরতা কাটানো প্রয়োজন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, জ্বালানি সংকট এবং বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমার ঝুঁকি মোকাবিলায় রপ্তানি ও শ্রমবাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।