বাংলাদেশের নগর অবকাঠামো ও সেবার মান উন্নয়নে অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। চলমান ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) বাস্তবায়নের গতি সচল রাখতে এই অর্থ ব্যয় করা হবে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির তথ্যমতে, ২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্পে শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ ছিল। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলার তহবিলে (সিইআরসি) মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার স্থানান্তর করায় প্রকল্পে তহবিলের ঘাটতি তৈরি হয়েছিল। নতুন এই অর্থায়নের ফলে সেই ঘাটতি পূরণ হবে এবং ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী নির্ধারিত কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরগুলোর মৌলিক নাগরিক সেবা বাড়ানো, পৌর প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নিজস্ব রাজস্ব আয় ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা।

বিজ্ঞাপন · inarticle_1

ঋণের শর্তাবলি অনুযায়ী, মোট ৯ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ‘স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন’ তহবিল থেকে। সম্পূর্ণ সুদ ও সার্ভিস চার্জমুক্ত এই অংশের ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১২ বছরে পরিশোধ করতে হবে। বাকি ৩০ লাখ ডলার পাওয়া যাবে পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন তহবিল থেকে, যার বার্ষিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ এবং এটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। বাংলাদেশের বৃহত্তম এই বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।