তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের স্থগিত হওয়া তৃতীয় সভাটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে জানানো হয়েছে, ওই দিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এই বৈঠক বসবে। নোটিশে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সকালেই তা স্থগিত করা হয়। ওই বৈঠকে মালিকপক্ষের তরফ থেকে মজুরির প্রস্তাব উত্থাপনের কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব পেশ করেছিলেন। শ্রমিকপক্ষের যুক্তি অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটাতে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন হলেও শিল্পের সার্বিক সক্ষমতা বিবেচনায় তাঁরা এই প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই পোশাকশ্রমিকেরা আন্দোলন চালিয়ে আসছেন, যার পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন এই মজুরি বোর্ড গঠন করে। অতীতের পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকদের দাবির তুলনায় মালিকপক্ষ শুরুতে অর্ধেক বা তারও কম মজুরির প্রস্তাব দেয়, যা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে। তবে প্রতিবারই লাগাতার আন্দোলন ও দীর্ঘ দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে মজুরি বাড়াতে সম্মত হয় মালিকপক্ষ।