বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ ও জটিল আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রক্রিয়ায় পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এমনকি দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধার করতেও তিন থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, অর্থ কোন দেশে এবং কীভাবে স্থানান্তরিত হয়েছে তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে তা অবৈধ প্রমাণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
অর্থ ফেরতের কৌশল হিসেবে টাস্কফোর্স আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ ও বিদেশি ল ফার্ম যুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে বাছাইকৃত ছয়টি বড় খেলাপি ঋণের ঘটনার মধ্যে তিনটির কাজ বেশ এগিয়েছে এবং দুটি ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে, যেখানে অন্তত ২০০ কোটি টাকার খেলাপি ঋণ এবং মালিক ও অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। গোপনীয়তা চুক্তির পর বিদেশি প্রতিষ্ঠানগুলো এসব নথি পর্যালোচনা করে মামলার ভিত্তি ও অর্থায়নের সম্ভাবনা যাচাই করবে।
বিদেশে সম্পদ অনুসন্ধান ও আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যা মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ খরচ করতে হবে না; বরং সম্পদ উদ্ধার হলে অর্থায়নকারীরা তার একটি অংশ পাবেন। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এমন একটি চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে এবং বর্তমানে আইনি নথি তৈরির কাজ চলছে।
জব্দকৃত সম্পদের হিসাব তুলে ধরে উপদেষ্টা জানান, মোট ৭৭ হাজার কোটি টাকার সম্পদের মধ্যে দেশে জব্দ হয়েছে ৫৮ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন দেশের আদালত, যা এখনো কার্যকর হওয়ার অপেক্ষায়। পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে, যার মধ্যে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ রয়েছে। তবে একটি দেশে সাময়িকভাবে জব্দ হওয়া অর্থ ৩০ দিন পর অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন, যার সন্ধানে এখনো কাজ চলছে।
আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ এবং কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠানোর সময় কমিয়ে আনার চেষ্টা করছে টাস্কফোর্স। ফরহানুল গণি চৌধুরী আরও জানান, অর্থ পাচার অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়ায় তদন্তের সব অগ্রগতি নিয়মিত প্রকাশ করা হচ্ছে না। তথ্য আগেভাগে ফাঁস হলে পাচারকারীরা সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারে, তাই অর্থ ফেরতের স্বার্থেই গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।



