তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। সোমবার (১৬ নভেম্বর) তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মালিকপক্ষ মনে করে, দ্রুত নতুন মজুরি চূড়ান্ত হলে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া তাদের জন্য সহজ হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। প্রস্তাবনা উপস্থাপনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতও ছিলেন। কিন্তু শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভাটি স্থগিত করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর হওয়ার কথা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ করার প্রত্যাশা করছে মালিকপক্ষ। এর আগে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে চলতি মাসের ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং গত সোমবারের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব তুলে ধরেন।