চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা মোট প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইনের এই অবদান বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের অপরিহার্যতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে উল্লিখিত ছয় দেশ থেকেই এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার। দেশভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখান থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার বা মোট আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার (৯ শতাংশ)। এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) দেশে এসেছে।

বিজ্ঞাপন · inarticle_1

মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, টানা চার মাসই দেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি জোগান দিয়েছে এই অঞ্চল। জুলাই মাসে ছয় দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার (মোট আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ), আগস্টে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার (৪২ দশমিক ৬ শতাংশ), সেপ্টেম্বরে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার (৪৫ দশমিক ১ শতাংশ) এবং অক্টোবরে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার (৪৫ দশমিক ৪ শতাংশ)। উপসাগরীয় অঞ্চলের বাইরে রেমিট্যান্সের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার (১৪ দশমিক ১ শতাংশ), যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার (৯ দশমিক ২ শতাংশ), মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, উপসাগরীয় দেশগুলো থেকে এই বিপুল পরিমাণ অর্থ আসা প্রবাসী শ্রমিকদের অবদান এবং আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি তাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। অবৈধ হুন্ডি প্রতিরোধ এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণ সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলোর ইতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। তিনি আশা প্রকাশ করেন, রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করার পাশাপাশি দেশের লেনদেনের ভারসাম্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে দুবাই প্রবাসী কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসীরা এখন বৈধ পথে টাকা পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন। তবে প্রবাসীদের অর্থ পাঠানোর সক্ষমতা সংশ্লিষ্ট দেশগুলোর কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয়ের ওপরও নির্ভর করে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান মনে করেন, রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি টেকসই করতে হলে নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরতা কমিয়ে শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে এবং কর্মীদের দক্ষতা বাড়িয়ে নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।