তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভাটি ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই সভার নতুন তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন · inarticle_1

এ বিষয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া গুরুত্বপূর্ণ এই বোর্ড মিটিং পরিচালনা করা সমীচীন হবে না বলেই সভাটি স্থগিত করা হয়েছে। দ্রুতই পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেন। তবে সেদিন মালিকপক্ষ সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ায় চার দিন সময় চাওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব পেশ করার এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল।