ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিসর বৃদ্ধিতে সরকার সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে আয়োজিত এক ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের বর্তমান অবদান ২৫ শতাংশ, যা আগামীতে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রতিবছর শ্রমবাজারে যুক্ত হওয়া প্রায় ২২ লাখ নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থান নিশ্চিত করতে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি হওয়ায় কর্মসূচিটির সফলতার প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিশেষ উদ্যোগ নেবে এবং প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিকের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে জানানো হয়, এদিন সারা দেশে একযোগে ৫১১ জন শিল্প উদ্যোক্তার মাঝে ১৪ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তা পেয়েছেন ৬ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া আগামী পাঁচ বছরে চলমান তিনটি কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিক।