আর্থিক পুনরুদ্ধারে সরকারের কাছে পাঁচ বছর মেয়াদি তহবিল ও কৌশলগত মালিকানার প্রস্তাব; ১৪ হাজার কোটি টাকা আদায়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা

ভয়াবহ তারল্য ও মূলধন সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ১৩ দফা সংবলিত একটি বিস্তারিত পুনরুদ্ধার প্রস্তাব পাঠিয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর ১৫ হাজার কোটি টাকা করে সরকারি তহবিল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যা ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এস আলম গ্রুপের আত্মসাৎ করা প্রায় ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ব্যাংকটিকে সচল রাখতে এই বিশাল অঙ্কের অর্থের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রস্তাবিত পুনরুদ্ধার পরিকল্পনায় মূলধন ঘাটতি পূরণে সরকারকে ব্যাংকের কৌশলগত অংশীদার করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যু করে ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সরকার বা যোগ্য কোনো সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই অর্থ জোগান দিলে ইসলামী ব্যাংকের ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যাবে। পাশাপাশি অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে।

তারল্য সংকট মোকাবিলায় সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা ইসলামী ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এর মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে ১১ হাজার ২৬৪ কোটি, জনতা ব্যাংকে ১ হাজার ৩০৯ কোটি এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা আটকে রয়েছে। একই সঙ্গে নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাতের (এসএলআর) ঘাটতির বিপরীতে আরোপিত জরিমানা মওকুফ এবং খেলাপিদের দেশি-বিদেশি সম্পদ জব্দ ও বিক্রির আইনি সুযোগ চাওয়া হয়েছে।

বর্তমানে নাজুক আর্থিক অবস্থার মধ্য দিয়ে যাওয়া ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৮২ হাজার ৩৩৪ কোটি টাকায় পৌঁছেছে এবং চলতি বছরের প্রথম নয় মাসেই নিট লোকসান হয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪টি প্রতিষ্ঠানের প্রায় ৮২ শতাংশ শেয়ার স্থগিত করা হয় এবং পর্ষদ পুনর্গঠিত হয়। তবে এরপর থেকে একাধিকবার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন ও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে গ্রাহকদের আন্দোলনের মুখে ব্যাংকটির প্রশাসনিক ও আর্থিক স্থিতিশীলতা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।