ঢাকা মহানগরীর ৪৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে এ ভর্তি পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামী দুই একদিনের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ১৭ ডিসেম্বর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ওইদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন · inarticle_1

পরদিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষা। এ গ্রুপে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ১৯ ডিসেম্বর ‘সি’ গ্রুপের বিদ্যালয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

মাউশির এক কর্মকর্তা জানান, ঢাকার বাইরে অন্যান্য এলাকার সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষা ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবে।

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে এবং সময় থাকবে এক ঘণ্টা। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে এবং সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। এই স্তরে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।