দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাঠামোতে মধ্যবয়সী শিক্ষকদের সংখ্যাই বেশি। বর্তমানে কর্মরত মোট ৩ লাখ ৭২ হাজার ৭৩০ জন শিক্ষকের মধ্যে ৪৬ থেকে ৫৫ বছর বয়সী রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন এবং ৫৬ বছর বা তার বেশি বয়সী রয়েছেন ২৪ হাজার ৮২৪ জন। সামনে ধাপে ধাপে বিপুলসংখ্যক শিক্ষক অবসরে যাওয়ায় নতুন শূন্য পদ তৈরির বাস্তবতা সামনে এসেছে। এই পরিস্থিতি মাথায় রেখে অবসর, পদোন্নতি ও নতুন নিয়োগের হিসাব মিলিয়ে পরবর্তী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনস্টিটিউশনাল প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (আইপিইএমআইএস) সর্বশেষ তথ্য বিশ্লেষণে শিক্ষকদের এই বয়স ও লিঙ্গভিত্তিক চিত্র উঠে এসেছে।
অবসরের মুখে বিপুলসংখ্যক শিক্ষক
জনবল ব্যবস্থাপনার স্বার্থে শিক্ষকদের বয়সগত বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর শিক্ষকেরা অবসরে গেলে বিদ্যালয়ে পদ খালি হয়, যা সময়মতো পূরণ করা না গেলে পাঠদান কার্যক্রমে চাপ বাড়ে—বিশেষত যেসব স্কুলে আগে থেকেই শিক্ষক কম, সেখানে সংকট আরও তীব্র হতে পারে।
আইপিইএমআইএসের তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৮২৪ জন, যাঁদের একটি বড় অংশ শিগগিরই অবসরে যাবেন। পাশাপাশি ৪৬ থেকে ৫৫ বছর বয়সী ১ লাখ ৯ হাজার ৪২৭ জন শিক্ষকও আগামী বছরগুলোতে অবসরের কাছাকাছি পৌঁছাবেন।
বয়সভিত্তিক ভারসাম্য ও কাঠামো
একটি কার্যকর শিক্ষাব্যবস্থায় প্রবীণ ও অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণ শিক্ষকদের উপস্থিতি থাকা জরুরি। দীর্ঘদিনের অভিজ্ঞতা শিক্ষার মান ধরে রাখতে সহায়তা করে, আর নতুন প্রজন্মের শিক্ষকেরা আধুনিক পাঠদান পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারে গতি আনেন।
তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ৮২ হাজার ৭২৬ জন এবং ৩৬ থেকে ৪৫ বছর বয়সী রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৫৭ জন। এর বিপরীতে ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন—অর্থাৎ ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষকদের তুলনায় এই মধ্যবয়সী গোষ্ঠীতে শিক্ষক রয়েছেন ২৬ হাজার ৭০১ জন বেশি।
নারী শিক্ষকের প্রাধান্য
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, যার মধ্যে ৫৯ দশমিক ৭২ শতাংশ আগে থেকেই সরকারি ছিল এবং ৪০ দশমিক ১৮ শতাংশ পরে জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষকতায় নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় অনেক বেশি।
আইপিইএমআইএসের সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট ৩ লাখ ৭২ হাজার ৭৩০ জন শিক্ষকের মধ্যে নারী ২ লাখ ৪৮ হাজার ৯৭৩ জন এবং পুরুষ ১ লাখ ২৩ হাজার ৭২৭ জন। সে হিসাবে প্রায় ৬৬ দশমিক ৮ শতাংশ নারী এবং ৩৩ দশমিক ২ শতাংশ পুরুষ শিক্ষক কর্মরত আছেন।
অবসর, পদোন্নতি ও নিয়োগ সমন্বয়ের পরিকল্পনা
নিয়মিত অবসর ও মৃত্যুর কারণে পদ শূন্য হওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক পদে পদোন্নতির সঙ্গেও সহকারী শিক্ষক নিয়োগের হিসাব যুক্ত রয়েছে। কারণ, সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতি হলে সহকারী শিক্ষক পদে নতুন শূন্যতা তৈরি হয়।
অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বর্তমান শূন্য পদ এবং পদোন্নতির পর সম্ভাব্য শূন্য পদের হিসাব একসঙ্গে না দেখলে প্রকৃত চাহিদা বোঝা কঠিন; তবে সব মিলিয়ে এই সংখ্যা ৫০ হাজার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও যাচাই শেষে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট শূন্য পদের হিসাব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যদিও তথ্য পেলেই সঙ্গে সঙ্গে নতুন বিজ্ঞপ্তি আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিদ্যমান বিধি অনুযায়ী, দশম গ্রেডের প্রধান শিক্ষক পদের ২০ শতাংশ সরাসরি নিয়োগে (পিএসসির মাধ্যমে) এবং ৮০ শতাংশ সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিতে পূরণ করা হয়। জ্যেষ্ঠতা নির্ধারণের আইনি জটিলতা কেটে যাওয়ায় প্রশাসনিক যাচাই শেষে পদোন্নতির কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা সহকারী শিক্ষক পদের সম্ভাব্য শূন্যতা নির্ধারণে সহায়ক হবে।
শূন্য পদ বেশি হলে দ্রুত বিজ্ঞপ্তির ভাবনা
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নিয়োগে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে নির্ধারিত সময়ে ১২ হাজার ৮৩০ জন যোগ দেন; ১ হাজার ৪৭১ জন বিভিন্ন পর্যায়ে বাদ পড়েন বা যোগ দেননি এবং ৮৩ জন শেষ পর্যন্ত নিয়োগ পাননি, ফলে ওই ধাপেও কিছু পদ খালি থেকে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক যোগদানের পরও শূন্য পদের সংখ্যা বেশি হলে দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে—প্রয়োজনে পরপর দুটি বিজ্ঞপ্তিও আসতে পারে। তবে কোন উপজেলায় কতটি পদ খালি রয়েছে এবং কোথায় পাঠদান বেশি ব্যাহত হচ্ছে, মাঠপর্যায়ের সেই তথ্য যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ অল্প কয়েকটি উপজেলার সামান্য শূন্য পদের জন্য আলাদা ব্যয়বহুল নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা কঠিন।



