বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা সময়োপযোগী ও ত্রুটিমুক্ত করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাঠপর্যায়ের নানা জটিলতা নিরসনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ও খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উচ্চতর গ্রেড ও বরখাস্তের নিয়মে পরিবর্তন নতুন প্রস্তাবনায় শিক্ষকদের আর্থিক ও চাকরির নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগে চাকরির বয়স ১০ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড মিললেও এখন তা কমিয়ে ৮ বছর এবং দ্বিতীয় উচ্চতর গ্রেডের সময়সীমা ৮ বছর থেকে কমিয়ে ৬ বছর করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ম্যানেজিং কমিটির স্বেচ্ছাচারিতা রোধে কেবল থানায় মামলা বা জিডি হলেই কোনো শিক্ষক-কর্মচারীকে বরখাস্ত করা যাবে না; বরং আদালতে মামলার চার্জশিট দাখিলের পরই কেবল বরখাস্তের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ধর্মীয় শিক্ষক ও জনবল কাঠামোয় নতুন বিধান বেতন বৈষম্য দূর করতে সব ধর্মীয় শিক্ষকদের চাকরির শুরুতে ১১তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে, তবে বিএড ডিগ্রি থাকলে তারা ১০ম গ্রেড পাবেন (যা আগে শুধু হিন্দুধর্মের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল)। এ ছাড়া সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পাশাপাশি শর্তসাপেক্ষে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ রাখা হচ্ছে। পাশাপাশি সিটি করপোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে নিজস্ব অর্থায়নে অফিস সহায়ক নিয়োগ দিতে পারবে।

ডিগ্রি তৃতীয় শিক্ষক ও গ্রন্থাগারিকদের জটিলতা নিরসন কলেজ পর্যায়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষক-প্রভাষকদের পদবি পরিবর্তন না হলেও শর্ত পূরণ সাপেক্ষে পদোন্নতির সব আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার খসড়া তৈরি হচ্ছে। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়োগপ্রাপ্ত ‘ডিগ্রি তৃতীয় শিক্ষকদের’ দীর্ঘদিনের এমপিও জটিলতা নিরসনে তাদের এমপিওভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের ভোগান্তি কমাতে নীতিমালায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’-এর পাশাপাশি ‘পাবলিক বিশ্ববিদ্যালয়’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে কারিগরি ও তৃতীয় ভাষা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে ২০২৫ সালের নীতিমালার মূল শর্তগুলোর (বৈধ স্বীকৃতি, নিজস্ব জমি, কাম্য শিক্ষার্থী ও পাসের হার, এনটিআরসিএ সুপারিশ) পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুটি নতুন শর্ত যুক্ত হচ্ছে। এখন থেকে এমপিওভুক্ত হতে হলে সংশ্লিষ্ট স্কুল বা কলেজে কারিগরি বিষয়ের ন্যূনতম দুটি সাবজেক্ট এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার কার্যক্রম বাধ্যতামূলকভাবে চালু থাকতে হবে। শিগগিরই এই খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।