২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (২২ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর বোর্ড থেকে পরীক্ষার প্রথম কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি এর অর্থ গ্রহণ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র ও ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওএমআর (OMR) শিটের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং লিখিত উত্তরপত্রসমূহ নীতিমালা অনুসারে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

এ ছাড়া জেলা সদরে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কোনো জ্যেষ্ঠ অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ নিজ কেন্দ্রেই পরীক্ষায় অংশ নেবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা প্রত্যবেক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না।