বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন নারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের সূত্রে জানা গেছে, আগামী বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে। বদলির চূড়ান্ত ফল ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।

আন্দোলনের প্রস্তুতি নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত থাকায় নারী শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতা ও পারিবারিক সংকটে ভুগছেন। বদলির ফল আটকে থাকায় অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে এবং তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় আমরণ অনশনে বসা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই।

বিজ্ঞাপন · inarticle_1

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়, যেখানে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ফলাফল প্রকাশের সব দাপ্তরিক কাজ সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অভাবে তা আটকে আছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ফল প্রকাশের আগে বেশ কিছু প্রশাসনিক জটিলতা নিরসন করা প্রয়োজন, যা সমাধান না করে অনুমোদন দেওয়া সম্ভব নয়; ফলে ফলাফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে।

আবেদন শেষ হওয়ার দুই মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।