বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদের মৌখিক পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থীর নিয়োগ সুপারিশকে অগ্রাধিকার দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নতুন নিয়মে অনুষ্ঠিত হতে যাওয়া ৯ম বা ১৯তম শিক্ষক নিয়োগের আগে পুরোনো নিবন্ধনধারীদের বিষয়টি নিষ্পত্তি করাই মূল লক্ষ্য। কারণ, আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রচলিত সনদের পরিবর্তে সরাসরি নিয়োগ সুপারিশের পদ্ধতি চালু হতে যাচ্ছে। ফলে প্রশাসনিক জটিলতা এড়াতে ১৮তম নিবন্ধনের অপেক্ষমাণ প্রার্থীদের সুপারিশের কাজ আগে শেষ করা জরুরি।
সংশ্লিষ্ট সূত্রমতে, সুপারিশবঞ্চিত প্রার্থীরা সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবির কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব চলমান প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শেষ হওয়া মাত্রই এনটিআরসিএকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে মৌখিক নির্দেশনা দিয়েছেন। তাই সবকিছু ঠিক থাকলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আগেই ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে।



