প্রতিষ্ঠার বিশ বছর পেরিয়ে গেলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এখনো গড়ে ওঠেনি কোনো কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অথচ এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রায় ১৩ হাজার শিক্ষার্থী। দেশ-বিদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, গণমাধ্যম, শিক্ষা ও গবেষণা এবং কর্পোরেট অঙ্গনে সফলভাবে কাজ করছেন এই সাবেক শিক্ষার্থীরা। কিন্তু কেন্দ্রীয় কোনো প্ল্যাটফর্ম না থাকায় তাঁদের সম্মিলিত অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কাজে লাগানো সম্ভব হচ্ছে না, পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হয়েছে প্রাতিষ্ঠানিক দূরত্ব।
সংশ্লিষ্টদের মতে, একটি কার্যকর অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলে প্রতিষ্ঠিত সাবেকরা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরাসরি দিকনির্দেশনা দিতে পারতেন। সাবেকদের পেশাগত যোগাযোগের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হতো। দীর্ঘদিনেও এমন কোনো সংগঠন না থাকায় সাবেক শিক্ষার্থীদের এই বিশাল সক্ষমতা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম জনি মনে করেন, বিভিন্ন ব্যাচ ও বিভাগের সাবেক শিক্ষার্থীদের মেধা ও অভিজ্ঞতাকে সমন্বিত করতে একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম এখন সময়ের দাবি। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিপদে-আপদে সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মানবিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সহজ হবে। একইভাবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী নাজমুল হাসান জানান, সমন্বয়ের ঘাটতি ও সাংগঠনিক জটিলতায় বারবার এই উদ্যোগ পিছিয়ে গেছে; তবে এখন সকল ব্যাচকে ঐক্যবদ্ধ করে দ্রুত একটি স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল অ্যাসোসিয়েশন গঠন করা জরুরি।
বেসরকারি প্রতিষ্ঠান আরএসপিএল হেলথে কর্মরত সাবেক শিক্ষার্থী মো. হায়দার আলী খান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান লিমনও অভিন্ন আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সমসাময়িক প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অ্যালামনাই থাকলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে তা না থাকায় মেন্টরশিপ, পুনর্মিলনী কিংবা কারও মানবিক প্রয়োজনে সবাই মিলে পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হচ্ছে না।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা অনস্বীকার্য। ইতিমধ্যে কয়েকটি বিভাগ নিজস্ব উদ্যোগে অ্যালামনাই গঠন করেছে, তবে কেন্দ্রীয়ভাবে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠলে তা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি ইতিবাচক ও ফলপ্রসূ হবে।



