প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ আবাসিকতার স্বপ্ন অধরাই রয়ে গেছে দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের; সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজারই থাকছেন ক্যাম্পাসের বাইরে, যার ফলে তীব্র যাতায়াত ভোগান্তিসহ নানামুখী সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।
ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটানোর মহান লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়া এই প্রতিষ্ঠানটি ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে। তবে দীর্ঘ এই সময়েও বিশ্ববিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বর্তমানে প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থীই আবাসিক সুবিধার বাইরে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মোট সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকেই ক্যাম্পাসসংলগ্ন এলাকা এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন মেস বা ভাড়াবাসায় বসবাস করতে হচ্ছে।
আবাসন সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার ওপর। দূরবর্তী শহর থেকে নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত করতে গিয়ে পর্যাপ্ত পরিবহন সুবিধার অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে নারী শিক্ষার্থীরা মেসে অবস্থান এবং গণপরিবহনে যাতায়াতের সময় প্রায়ই নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েও দীর্ঘদিনের প্রশাসনিক বিভ্রান্তি কাটেনি। বিশ্ববিদ্যালয় আইনে মূল নাম ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ উল্লেখ থাকলেও দাপ্তরিক বিভিন্ন কাগজপত্রে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ’ কিংবা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’—এমন একাধিক নাম ব্যবহৃত হচ্ছে। নামের এই ভিন্নতার কারণে পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নানা জটিলতায় পড়ছেন।
অবকাঠামোগত ও একাডেমিক সংকটও বিশ্ববিদ্যালয়টির অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করলেও প্রায় ১৫টি বিভাগেই তীব্র শ্রেণিকক্ষ সংকট রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য নেই পর্যাপ্ত আধুনিক ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, কমনরুম ও গবেষণাগার। এর পাশাপাশি শিক্ষক সংকট, প্রশাসনিক কার্যক্রমে সনাতন পদ্ধতির ধীরগতি, সনদ উত্তোলনে দীর্ঘসূত্রতা এবং নিয়োগসংক্রান্ত নানা বিতর্ক বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের দিক থেকেও প্রতিষ্ঠানটি সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে।
বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যরা এসব দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে তার আশানুরূপ প্রতিফলন ঘটেনি। তবে বর্তমান প্রশাসনের তত্ত্বাবধানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, আবাসন ও শ্রেণিকক্ষের তীব্র সংকট নিরসনে বর্তমানে ক্যাম্পাসে ৪টি নতুন আবাসিক হল এবং ১টি আধুনিক একাডেমিক ভবনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণাধীন এই স্থাপনাগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে বলে আশা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।



