দুপুর ১টা থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষা চলবে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত; প্রবেশপত্র ও মূল নিবন্ধন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি ও নির্দেশনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুরু হয়ে এই পরীক্ষা চলবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি পরীক্ষা প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা সংশোধনের পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগেই শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে এবং বিতরণের পূর্বে শিক্ষার্থীর নাম, নিবন্ধন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় পরীক্ষার্থীদের মূল নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে, যা শিক্ষার্থীদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।
কেন্দ্র ফি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৪৫০ টাকা কেন্দ্র ফির মধ্যে ৩০০ টাকা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ তাদের নিজস্ব পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহের কাজে ব্যবহার করতে পারবে।
গুজব বা বিভ্রান্তি এড়াতে পরীক্ষার্থীদের কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করা হয়েছে। পরীক্ষা চলাকালীন যেকোনো জরুরি তথ্য ও নির্দেশনা জানতে প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।



