২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি নীতিমালায় পুনঃভর্তি ফি নিষিদ্ধসহ প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। গত ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নতুন ভর্তি নীতিমালায় এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানের পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; যদিও এক্ষেত্রে বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে। এছাড়া, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ন্যূনতম বয়স আগের ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালায় আবেদন ফরম ও ভর্তি ফির সুনির্দিষ্ট সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হলেও, এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা নিতে পারবে। সেশন চার্জসহ ভর্তি ফির ক্ষেত্রে মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। এই নির্ধারিত ফির মধ্যেই মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে, তবে উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মানবিক দিকগুলো নিশ্চিত করতে নীতিমালায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা যুক্ত করা হয়েছে। দরিদ্র, মেধাবী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী পরিপত্র অনুসরণ করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া এবং জমা পড়া আবেদন ফরমের সঠিক হিসাব নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রশ্নপত্রের মান বজায় রাখার বিষয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই মানসম্মত ও শ্রেণি উপযোগী হতে হবে এবং সংশ্লিষ্ট শ্রেণির পূর্ববর্তী শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও যথাযথ আসনবিন্যাস নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কমিটি বা প্রধান শিক্ষক স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন।



