বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে নতুন আর্থিক সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ; সর্বোচ্চ ৪৭ লাখ ৩৪ হাজার টাকা পর্যন্ত ভাতা মিলবে
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত স্বদেশভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে শিক্ষাভাতার সর্বোচ্চ সীমা বাড়িয়েছে সরকার। গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন হার ঘোষণা করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৮৪টি মিশনকে অবস্থান ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’—এই চারটি গ্রুপে ভাগ করে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য পৃথক আর্থিক সীমা ঠিক করে দেওয়া হয়েছে।
নতুন নীতিমালায় গ্রুপ ‘ক’-এর অধীনে থাকা ১৫টি ব্যয়বহুল মিশনের কর্মকর্তারা সবচেয়ে বেশি ভাতা পাবেন। বেইজিং, টোকিও, সিউল, দোহা, জেনেভা, প্যারিস, ব্রাসেলস ও মস্কোর মতো শহরগুলোর মিশনে কর্মরতদের দুই সন্তানের স্নাতক পর্যায়ের পড়াশোনার জন্য সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। এই গ্রুপে একজন সন্তানের স্নাতক বা এ-লেভেল পর্যায়ের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার (প্রায় ৩১ লাখ ১৪ হাজার টাকা) এবং দুই সন্তানের এ-লেভেলের জন্য ৩৫ হাজার ডলার (প্রায় ৪৩ লাখ ৬০ হাজার টাকা) পাওয়া যাবে।
অন্যদিকে, গ্রুপ ‘খ’-এর অন্তর্ভুক্ত ৪১টি মিশনে এ-লেভেল ও স্নাতক—উভয় পর্যায়েই অভিন্ন হার নির্ধারণ করা হয়েছে। লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সিডনি, দুবাই, রিয়াদ, কুয়ালালামপুর ও নয়াদিল্লিসহ এই গ্রুপের মিশনগুলোতে এক সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার (প্রায় ২৬ লাখ ১৬ হাজার টাকা) এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার (প্রায় ৩৯ লাখ ৮৬ হাজার টাকা) ভাতা মিলবে। পাশাপাশি, সিঙ্গাপুর, বার্লিন, কোপেনহেগেন, কায়রো ও নাইরোবিসহ গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে এক সন্তানের জন্য ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ২৮ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ৮৮ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।
তালিকার চতুর্থ ধাপ অর্থাৎ গ্রুপ ‘ঘ’-এর ৯টি মিশনে ভাতার পরিমাণ তুলনামূলক কম রাখা হয়েছে। কলকাতা, কলম্বো, মাস্কাট, কুনমিং ও তাসখন্দের মতো মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার (প্রায় ২৫ লাখ ৫৪ হাজার টাকা) এবং স্নাতকে ২১ হাজার ডলার দেওয়া হবে; তবে উভয় পর্যায়ে দুই সন্তানের জন্য সর্বোচ্চ সীমা ২৫ হাজার ডলার (প্রায় ৩১ লাখ ১৪ হাজার টাকা)। উল্লেখ্য, কর্মরত দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ না থাকলে কোনো কর্মকর্তা অন্য দেশে সন্তানকে পড়ালেও তার নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমাই প্রযোজ্য হবে।
শিক্ষাভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বেশ কিছু কঠোর শর্তারোপ করেছে। নিয়ম অনুযায়ী, প্রকৃত শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ সরকার বহন করবে এবং অবশিষ্ট ১৫ শতাংশ অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ তহবিল থেকে পরিশোধ করতে হবে। একই সময়ে একজন কর্মকর্তা সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়া, ভাতার অর্থ কোনোভাবেই কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া হবে না; বরং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে পাঠাতে হবে। কোনো প্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে কর্মকর্তাকে নিজ অংশের ১৫ শতাংশ অর্থ মিশনের তহবিলে জমা দেওয়ার সাপেক্ষে মিশন কর্তৃপক্ষ পুরো ফি পরিশোধের ব্যবস্থা করবে।



