বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংক্রান্ত এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষক নিয়োগে মেধা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এনটিআরসিএ পরীক্ষাকে বিসিএসের মানের কাছাকাছি নিয়ে যাওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সকাল ১১টায় অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র সচিব উল্লেখ করেন, সরকার পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করছে এবং শিক্ষকদের চাকরি সরকারি সুবিধার আওতায় আসছে। তাই নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ প্রশ্নাতীত হয়, সেজন্য পরীক্ষার নম্বর বাড়ানোর বিষয়টি এনটিআরসিএকে খতিয়ে দেখতে হবে।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বর্তমান নিয়োগ পরীক্ষা নিয়ে ওঠা নানা প্রশ্নের প্রেক্ষিতে পরীক্ষার মানোন্নয়ন নিয়ে সবার মতামত নেওয়া হয়েছে। তবে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া বা অন্য কোনো বিষয়ের ওপর এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়োগ বিধিমালা সংশোধনের লক্ষ্যে পরবর্তীতে আরও সভা অনুষ্ঠিত হবে এবং সেখানেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে