হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি না থাকায় দেশের সাতটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট কমিটিগুলোর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে আর কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না।

মঙ্গলবার বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নিয়ম ও আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর কমিটি না থাকায় আগের নিয়োগ বাছাই কমিটির অনুমোদন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

যে সাতটি প্রতিষ্ঠানের কমিটি বাতিল করা হয়েছে সেগুলো হলো— রংপুরের রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালুকহাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং রংপুর বিএম কলেজ; টাঙ্গাইলের হাজী আবু হাশেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; রাজশাহীর বরেন্দ্র মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; কুড়িগ্রামের চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও বগুড়ার শহীদ ফজলুল বারী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়।

চিঠিতে প্রতিষ্ঠানগুলোর কোড নম্বরও যুক্ত করা হয়েছে, যা যথাক্রমে ১৬০৪৯, ১৬০৩৭, ১৬০৩৪, ০৮০৮৫, ২৩০৭৫, ১৭০৪২ ও ২০০৯০। গত ৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিভিন্ন স্মারকে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছিল, যা এখন কার্যকর থাকছে না।

সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।