২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ এবং ইনকোর্স ও উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ নতুন সময়সূচি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর ১৪ ও ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়িয়ে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী তৃতীয় বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চতুর্থ বর্ষের ইনকোর্সে অংশ নিয়েছেন, তারাও এ সময়ের মধ্যে নম্বর এন্ট্রির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বে ভুলভাবে এন্ট্রি করা ইনকোর্স নম্বর এই বর্ধিত সময়ের মধ্যে সংশোধন করা যাবে। তবে কোনো শিক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা না হলে ফরম পূরণের সম্ভাব্য তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে না। সময় বাড়ানো হলেও পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য সকল নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।