৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামানের স্বাক্ষরে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে হাজিরা তালিকায় রেজিস্ট্রেশন নম্বরগুলো জোড় ও বিজোড় ক্রমে সাজানো হবে এবং প্রতিটি কক্ষের তালিকা তৈরি করা হবে দৈবচয়ন (Random) পদ্ধতিতে। যেহেতু দৈবচয়ন পদ্ধতিতে নিজের কক্ষ ও আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে, তাই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনার নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে এবং পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সবাইকে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অপর বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে কী কী সামগ্রী নেওয়া যাবে এবং কোনগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, তা স্পষ্ট করা হয়েছে। মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, সব ধরনের ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট কিংবা ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কোনো ডিভাইস সঙ্গে রাখা যাবে না। নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে হলে প্রবেশের সুযোগ নেই এবং কেন্দ্রে ঢোকার মুখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের তত্ত্বাবধানে প্রবেশপত্র যাচাই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরই পরীক্ষার্থীদের ভেতরে যেতে হবে।
পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়টি মনে করিয়ে দিতে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সেই নির্দেশনাও মেনে চলতে হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কান সম্পূর্ণ খোলা রাখতে হবে; বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহার করতে চাইলে আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কমিশনের অনুমতি নিতে হবে।
নিয়ম অমান্য করে নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করার পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য ওই পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০ থেকে ১৪ নম্বর ধারায় বর্ণিত কোনো অপরাধ করলে বা তাতে সহায়তা করলে প্রযোজ্য ধারায় শাস্তি ভোগ করতে হবে।



