২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১১টি বিভাগে ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়; আবেদনের সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে, যা চলবে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় ১ হাজার ২০০ টাকা প্রদান করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

এবারের ভর্তি নীতিমালায় আবেদনের ন্যূনতম জিপিএ অপরিবর্তিত রাখা হলেও চারটি বিষয়ের সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এর স্কেলে ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি এসএসসি বা সমমান পরীক্ষাতেও ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। গত বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হলেও এবার তা ১ পয়েন্ট কমিয়ে ১৬.৫০ নির্ধারণ করা হয়েছে। তবে উল্লিখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকার শর্তটি বহাল রাখা হয়েছে। এছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এবার ভর্তির আবেদনের সুযোগ পাবেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৬ সালে জিসিই ‘এ’ লেভেল উত্তীর্ণ হতে হবে এবং ‘ও’ লেভেলে চারটি বিষয়ে ও ‘এ’ লেভেলে তিনটি বিষয়ে আলাদাভাবে ‘এ’ গ্রেড থাকতে হবে। তাঁদের সমতা নিরূপণ সনদের (Equivalence Certificate) জন্য ১ হাজার ৫০০ টাকা ফিসহ ২২ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১৪ হাজার যোগ্য প্রার্থীর তালিকা ১৫ জানুয়ারি ২০২৭ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে প্রণীত প্রশ্নপত্রে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য ফলাফল প্রকাশিত হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে।

বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে এবার সর্বমোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে মোট ৪০০টি আসন রয়েছে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে মোট ২০০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৩০টি আসন রয়েছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে। ভর্তিসংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।