২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বাংলা ও ইংরেজি মাধ্যমসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আলাদা যোগ্যতা ও বাছাই প্রক্রিয়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
দেশের প্রকৌশল শিক্ষার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মাধ্যমভেদে আলাদা শর্তাবলি নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলা মাধ্যম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। একই সঙ্গে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জনের পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিনটি বিষয়ে পৃথকভাবে জিপিএ ৫.০০ থাকা বাধ্যতামূলক। এ ছাড়া ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যেসব শিক্ষার্থী ২ ডিসেম্বর ২০২৫-এর পর সংশোধিত ফলাফল পেয়েছেন, তারাও একই যোগ্যতায় আবেদনের সুযোগ পাবেন। সঠিকভাবে আবেদনকারীদের মধ্য থেকে তিন বিষয়ের মোট নম্বরের ভিত্তিতে প্রথম ১০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে; তবে ১০ হাজারতম প্রার্থীর সমান নম্বরপ্রাপ্ত সবাই এই সুযোগ পাবেন।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য জিসিই ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ অন্তত পাঁচটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি জিসিই ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মধ্যে যেকোনো দুটিতে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং একটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড অর্জন করতে হবে। ‘এ’ লেভেলের গণিত ও পদার্থবিজ্ঞানের গ্রেডকে প্রাধান্য দিয়ে সঠিক আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ৩০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
অন্যদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ রেখেছে বুয়েট কর্তৃপক্ষ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সঠিক আবেদনকারীই সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইকৃত যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



