অনুমতি ছাড়াই বিদেশে অবস্থান এবং ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং এক প্রভাষককে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিনা অনুমতিতে দেশের বাইরে অবস্থান করায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, অধ্যাপক মুশফিকুর রহমান স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আর কর্মস্থলে ফেরেননি।
এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে দেশে না ফিরে বিদেশেই অবস্থান করছেন। অন্যদিকে, শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নিও ছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ দেননি।
একই সভায় জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘটনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী সিন্ডিকেটে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী যেকোনো ধরনের ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান এবং বিদেশে অবস্থানের জন্য প্রশাসনিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘন করলে চাকরি থেকে সাময়িক বা চূড়ান্ত বরখাস্তের বিধান রয়েছে।



