বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে হলে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। গত রবিবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ সোনারায় হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে কারও বিশেষ অবদান বা অনন্য যোগ্যতা থাকলে সরকার বিশেষ বিবেচনায় এই শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে পরিপত্রে নতুন প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান, মহানগর এলাকার জন্য বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। এই তালিকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক অথবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম থাকতে পারবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড প্রস্তাবিত ওই তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেবে।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে স্নাতক পাসের শর্ত পূরণ সাপেক্ষে তাদের নিজেদের মধ্য থেকেই একজনকে সভাপতি নির্বাচন করা যাবে। এছাড়া সদস্যরা চাইলে স্থানীয় প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রতিষ্ঠাতা বা খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকেও যোগ্য কাউকে সভাপতি হিসেবে বেছে নিতে পারবেন।
পরিপত্রে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, পুনর্গঠিত প্রতিটি গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এই মনোনয়ন নিশ্চিত করবেন। এর বাইরে কমিটির অন্যান্য যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪’-এর বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।



