ভর্তি প্রক্রিয়ায় বিলম্ব এবং দীর্ঘমেয়াদী সেশনজট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বিশ্বে ১৮ বছর বয়সে দ্বাদশ শ্রেণি শেষ করে শিক্ষার্থীরা পেশাজীবনে প্রবেশ করলেও আমাদের দেশে ইন্টারমিডিয়েট শেষ করতেই ২০ বছর পার হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয় থেকে তড়িঘড়ি করে মাত্র ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ এবং ২৩ তারিখের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়ায় ধীরগতি দেখাচ্ছে। নিজেদের মতো করে পরিকল্পনা সাজাতে গিয়ে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় তিনি হতাশা ব্যক্ত করেন।
শিক্ষকদের কথায় কথায় উচ্চ আদালতে যাওয়ার প্রবণতার সমালোচনা করে ড. মিলন বলেন, সামান্য বিষয়েই হাইকোর্টে যাওয়ার কারণে ভর্তি প্রক্রিয়া স্থগিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করছেন কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে যেকোনো মূল্যে সেশনজট নিরসন এবং দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও আর্থিক নির্ভরতার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী কিছুটা আক্ষেপের সুরে বলেন, বিশ্ববিদ্যালয়কে কোনো পরামর্শ দিতে গেলে ১৯৭৩-৭৪ সালের অ্যাক্ট এবং স্বায়ত্তশাসনের দোহাই দেওয়া হয়। অথচ আর্থিক বরাদ্দ বা বাজেটের প্রয়োজনে ঠিকই শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের রূপকল্পের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পুরোনো দিনের সেই আট-নয় বছরের সেশনজটের সংস্কৃতি বদলাতে হবে। নতুন সরকারের নতুন চিন্তা ও স্বাধীনতাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সেশনজট দূর করবে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা প্রজেকশন মন্ত্রণালয়ের সামনে উপস্থাপন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।



