নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে জোর গতিতে চলছে মুদ্রণ ও সরবরাহের কাজ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চারটি স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। পাশাপাশি প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯০ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে।
এবার চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির নতুন বইয়ের তালিকায় রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে ষষ্ঠ শ্রেণির জন্য যুক্ত হচ্ছে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। নতুন চারটি বই মিলিয়ে মোট ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি বই ছাপা হচ্ছে; যার মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ১২ লটে ৬২ লাখ কপি এবং ষষ্ঠ ও ইবতেদায়ীর চতুর্থ শ্রেণির জন্য ১১ লটে ৯৩ লাখ ৫৬ হাজার ৩৩ কপি রয়েছে। এনসিটিবি জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব নতুন বই ছাপার কাজ শেষ করে বিতরণ কেন্দ্রে পাঠানো হবে।
৩০ নভেম্বরের মধ্যে চারটি স্তরের সব বই দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই এবং পরিবহনের কাজ একযোগে চলছে। এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক মোহাম্মদ লুৎফর রহমান জানান, প্রাথমিকের প্রায় ৯৯ শতাংশ বই উপজেলার ৫১৬টি বিতরণ কেন্দ্রে পৌঁছে গেছে এবং ২৫ নভেম্বরের মধ্যেই শতভাগ কাজ শেষ হবে। চতুর্থ শ্রেণির নতুন বইয়ের কাজও চলছে এবং ১৫ ডিসেম্বরের আগেই তা বিতরণ কেন্দ্রে পৌঁছানোর আশা করা হচ্ছে।
স্তরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক স্তরে মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ছাপানো হচ্ছে, যার ৯৯ শতাংশ কাজ শেষ। প্রাক-প্রাথমিকে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই পুরোপুরি সম্পন্ন হয়েছে। আর ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪ কপি বইয়ের মধ্যে মুদ্রণ ফর্ম ৯৬.৯১ শতাংশ, বাঁধাই ৯৩.৬৭ শতাংশ এবং পিডিআই ৯২.৩৪ শতাংশ শেষ হয়েছে।
মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নবম শ্রেণিতেই সবচেয়ে বেশি—৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মো. খায়রুল ইসলাম খাঁন জানান, মাধ্যমিকের ৪৯টি মুদ্রণ প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের কাজ শেষ করেছে এবং সার্বিকভাবে ৯০ শতাংশ বই উপজেলার বিতরণ কেন্দ্রে পৌঁছেছে; ষষ্ঠ ও ইবতেদায়ীর চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর কাজও নির্ধারিত সময়ের আগেই শেষ করার চেষ্টা চলছে।



