সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের বিপরীতে আবেদনকৃত বদলির ফলাফল দ্রুত প্রকাশের দাবি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে এই নোটিশটি প্রদান করেন। তিনি সরকারের এই বদলি উদ্যোগের প্রশংসা করলেও আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তা প্রকাশের দাবি জানান।

সংসদে উত্থাপিত নোটিশে দূরে কর্মরত শিক্ষকদের তীব্র আর্থিক ও মানবিক সংকটের চিত্র তুলে ধরা হয়। সংসদ সদস্য উল্লেখ করেন, অসংখ্য শিক্ষক নিজ জেলা থেকে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে কর্মরত থাকায় তাঁদের আয়ের একটি বড় অংশই বাসা ভাড়া, খাবার ও যাতায়াত বাবদ খরচ হয়ে যাচ্ছে। দুই জায়গার সংসারের ব্যয় সামলাতে গিয়ে তাঁরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, যার ফলে সন্তানদের পড়াশোনা ও বাবা-মায়ের চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া পরিবার ও অসুস্থ স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকা, এমনকি প্রিয়জনদের শেষ বিদায়েও অংশ নিতে না পারার মতো চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এসব শিক্ষক।

বিজ্ঞাপন · inarticle_1

প্রশাসনিক বিলম্বের কারণ জানতে চেয়ে সংসদ সদস্য মো. কেরামত আলী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকারের একটি যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ কেন কেবল প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে শিক্ষকদের হতাশার কারণ হয়ে দাঁড়াবে এবং এই সংকট নিরসনে মন্ত্রণালয় আর কতদিন সময় নেবে।

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী গত ২১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে এক দফা সময় বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির জন্য আবেদন করলেও দুই মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এখনো ফলাফল প্রকাশিত হয়নি।