গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকনোমিক্স কলেজ) সাধারণ শিক্ষার্থীদের দেওয়া তিন দিনের আলটিমেটাম আজ শেষ হচ্ছে। অধ্যক্ষের পদত্যাগ এবং মধ্যরাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে আজ রবিবার বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে এক ব্যতিক্রমী ও অহিংস সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্নীতি, বৈষম্য, আর্থিক অনিয়ম ও শিক্ষার্থী হয়রানি চলে আসছে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সাথে গভীর রাতে সুরক্ষিত ক্যাম্পাসে প্রবেশ করে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান না পাওয়ায় শিল্প ও সংস্কৃতিকে প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিকেলের কর্মসূচিতে বিদ্রোহী কবিতা আবৃত্তি, তারুণ্যের গান, বিপ্লবী ও সচেতনতামূলক নাটিকা প্রদর্শন এবং শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠ অন্তর্ভুক্ত থাকবে। সংস্কৃতির শক্তির মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের দাবি ও ক্ষোভ ফুটিয়ে তুলবেন।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই অধ্যক্ষের পদত্যাগ কার্যকর করতে হবে এবং পুলিশি হামলার নির্দেশদাতা ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীরা আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক প্রতিরোধমূলক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।