পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে আয়োজিত উপাচার্যদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রধানরা এতে অংশ নেন।
এইচএসসি পরীক্ষার সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরিপূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার্থীসহ সব শিক্ষার্থী যেন ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য তারিখগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি মাথায় রাখার আহ্বান জানিয়েছে ইউজিসি।
বর্তমান বহুনির্বাচনী (এমসিকিউ) নির্ভর পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাইয়ে নতুন মূল্যায়নের প্রস্তাব উঠে এসেছে। ভর্তি পরীক্ষার কার্যক্রমে বছরজুড়ে ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত হবে। এটি সারা বছর ভর্তি পরীক্ষা ও সময়সূচি সমন্বয়ের কাজ পরিচালনা করবে। ইউজিসি স্পষ্ট করেছে যে এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই বাস্তবায়িত হবে; কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হবে না।



