প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের ভর্তি পরীক্ষা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদনহীন অতিরিক্ত বাণিজ্যিক বইয়ের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
রিট আবেদনে ক্যাবিনেট সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং এনসিটিবি চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
আবেদনে বলা হয়, 'প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন, ১৯৯০' অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণ প্রতিটি শিশুর আইনি অধিকার এবং বাধাগ্রস্তহীনভাবে ভর্তি হওয়া তাদের মৌলিক প্রাপ্যতা। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি নীতিমালার আওতায় ছোট শিশুদের ওপর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিদ্যমান আইনের পরিপন্থী এবং সরকারের আইনি এখতিয়ার বহির্ভূত। এছাড়া এই ধরনের ভর্তি পরীক্ষা শিশুদের মধ্যে অহেতুক ভীতি ও মানসিক যন্ত্রণার সৃষ্টি করে।
রিটে আরও অভিযোগ করা হয়, দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রকাশকদের সঙ্গে যোগসাজশ করে এনসিটিবি অনুমোদিত বইয়ের বাইরেও অতিরিক্ত সহায়ক বই ও গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছে, যা 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮'-এর স্পষ্ট লঙ্ঘন। মাত্রাতিরিক্ত এই পড়াশোনার চাপ ও ভারী বইয়ের বোঝা কোমলমতি শিশুদের শারীরিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে এবং তাদের মেরুদণ্ডের ক্ষতিসাধনসহ স্বাধীন চিন্তাশক্তির বিকাশকে বাধাগ্রস্ত করছে।
আবেদনে 'জাতীয় শিক্ষা নীতি, ২০১০'-এর কথা উল্লেখ করে বলা হয়, সেখানে সরকার অনুমোদিত এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষার বিধান রয়েছে। কিন্তু অনেক কিন্ডারগার্টেন ও বাণিজ্যিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়াই প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো অতিরিক্ত স্তর চালু করে শিক্ষা ব্যবসাকে জোরদার করছে, যা সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন এবং প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে।



