ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন · inarticle_1

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠানের নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার তারিখসমূহ নিচে দেওয়া হলো:

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর (শনিবার) — সকাল ১০টা থেকে দুপুর ১২টা

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর (শনিবার) — বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০টা

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর (শনিবার) — বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০টা

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২২ ডিসেম্বর (মঙ্গলবার) — বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০টা

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর (শনিবার) — বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০টা

চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য তিনটি বড় ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ: ১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) ২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাজশাহী) ৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম) ৪. বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল) ৫. খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা) ৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) ৭. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আবেদনের বিষয়টি বিবেচনা করে আজ দুপুরে উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

তবে ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) স্পষ্ট করেছেন যে, ইউজিসির উক্ত সিদ্ধান্তের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুসারেই যথাসময়ে পরীক্ষা এবং আবেদন কার্যক্রম সম্পন্ন হবে।