আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠিতব্য প্রথম ‘ইউএন ইয়ুথ টাউনহল’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

জাতিসংঘের সম্পূর্ণ অর্থায়নে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ‘ইউএন ইয়ুথ টাউনহল’ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মেহেদী ইসলাম মাহফুজ। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ শহরে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন আবাসিক শিক্ষার্থী। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ থেকে মনোনীত মোট দুজন তরুণ প্রতিনিধির একজন হিসেবে তিনি লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন, যেখানে তার সহযাত্রী হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অপর এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন · inarticle_1

ইউনাইটেড নেশনস ইয়ুথ অফিসের প্রধান এবং যুব বিষয়ক সহকারী মহাসচিব ড. ফেলিপ পলিয়ার স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে মেহেদীর এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে তরুণদের নীতিনির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস ইয়ুথ অফিস, জার্মান ফেডারেল সরকার এবং হাইডেলবার্গ সিটি কর্তৃপক্ষ যৌথভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আয়োজন করছে। যাতায়াত, আবাসনসহ সম্মেলনের যাবতীয় ব্যয়ভার জাতিসংঘের পক্ষ থেকেই বহন করা হবে।

আন্তর্জাতিক এই মঞ্চে সুযোগ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মো. মেহেদী ইসলাম মাহফুজ জানান, জাতিসংঘের প্রথম ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এর মতো মর্যাদাপূর্ণ আসরে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী ভাবনা, নেতৃত্ব ও সম্ভাবনা তুলে ধরতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তীতে দেশের টেকসই উন্নয়ন ও তরুণ সমাজের কল্যাণে কাজে লাগানোই তার প্রধান লক্ষ্য।

বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে প্রথমবারের মতো এই ‘ইউএন ইয়ুথ টাউনহল’ আয়োজিত হচ্ছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত তরুণ প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকার প্রধানদের প্রতিনিধি, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা এক মঞ্চে মিলিত হয়ে আগামীর বিশ্ব গঠনে মতবিনিময় করবেন।