ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এবার আগের নিয়মে পরিবর্তন এনে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি যুক্ত করা হচ্ছে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। সব মিলিয়ে তিন ধাপে মোট ২২০ নম্বরের মূল্যায়নের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রথম ধাপ (প্রিলিমিনারি পরীক্ষা): ১ ঘণ্টার এই পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এই ধাপে পাস করতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

দ্বিতীয় ধাপ (লিখিত পরীক্ষা): প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা ৩ ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেবেন। তবে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও নম্বর বণ্টন এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

তৃতীয় ধাপ (মৌখিক পরীক্ষা): লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা শেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই এই নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণার আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা জরুরি। অনুমোদন সাপেক্ষে দ্রুতই পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হবে।