চার দিনের চরম উত্তেজনা, ভাঙচুর ও অনির্দিষ্টকালের ছুটির পর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাম্প্রতিক অস্থিরতা, শিক্ষার্থীদের তীব্র নিরাপত্তাহীনতা এবং ক্যাম্পাস বন্ধ ঘোষণার চার দিন পর অবশেষে ক্যাম্পাসে ফিরেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। শনিবার (২১ নভেম্বর) রাতে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রত্যাবর্তন করেন। এর আগে জেলাজুড়ে চলমান সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করেই ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের তীব্র তোপের মুখে পড়েছিলেন তিনি। এমনকি উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করেছিলেন এবং তিনি ফিরে এলে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যখন জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, ঠিক তখনই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬–২৭-এর খেলা দেখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান উপাচার্য। সে সময় তার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তিনি ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় যোগ দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। তবে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ১৭ নভেম্বর রাতেই ওই সভাটি স্থগিত বা বাতিল করা হয়েছিল। সভা বাতিল হওয়ার পরও উপাচার্য ক্যাম্পাসে না ফিরে বাইরে অবস্থান করায় প্রশাসনের সদিচ্ছা ও দায়িত্বশীলতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

উপাচার্যের এই অনুপস্থিতির সুযোগেই ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হয়। গত ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে মূল নামফলক ভাঙচুর করেন এবং সেখানে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়া হলে পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিলে শিক্ষার্থীদের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা চরমে পৌঁছায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ক্রমবর্ধমান উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তের পর চরম অনিশ্চয়তা ও দুর্ভোগ মাথায় নিয়ে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায়, যেখানে উপস্থিত থেকে তাদের খোঁজখবর নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।