প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে দেশের তিন লক্ষাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার সরকারি উদ্যোগ নিয়েছে সরকার। তবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) এক গবেষণায় দেখা গেছে, ৮০ দশমিক ৬ শতাংশ শিক্ষক শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছেন।

গবেষণায় উঠে এসেছে যে, শিক্ষকদের ডিজিটাল শিক্ষা ও একবিংশ শতাব্দীর দক্ষতা অর্জনে ধারণাগত ও প্রয়োগগত ঘাটতি রয়েছে। এর পাশাপাশি বিদ্যালয়গুলোতে কম্পিউটার, মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট সংযোগের মতো প্রয়োজনীয় অবকাঠামোগত ঘাটতিও বিদ্যমান। তাছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে ৪৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৩৪ হাজারের বেশি, যাদের অনেকের জন্য নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একটি বাড়তি চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন · inarticle_1

বিশেষজ্ঞ ও শিক্ষকদের মতে, শুধু শিক্ষকদের হাতে ট্যাব পৌঁছে দিলেই শ্রেণীকক্ষে প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত হবে না। এর পরিবর্তে বিদ্যালয়ভিত্তিক আইসিটি কার্যক্রম জোরদার করা, মানসম্মত কনটেন্ট তৈরি এবং শিক্ষকদের প্রয়োজন ও বাস্তবতার ওপর ভিত্তি করে উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা অধিক গুরুত্বপূর্ণ।