সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। রবিবার (২২ নভেম্বর) সংগঠনের সভাপতি মু. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি পূরণের আহ্বান জানানো হয়।
সংগঠনটির উত্থাপিত প্রধান তিনটি দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১০ নভেম্বর অর্থ ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনার পর এ দাবিগুলো জানানো হলেও এক বছরে তা বাস্তবায়িত হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বে বিভিন্ন সভা-সেমিনার ও দলের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষকদের জীবনমান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, বিনামূল্যে পোশাক ও ট্যাব দেওয়াসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ নিলেও শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আগেই শিক্ষকদের এই দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর জরুরি পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।



