বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই খসড়া অনুযায়ী, জাতীয়করণের যোগ্যতা অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। একই সঙ্গে আগের নীতিমালায় থাকা ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর বাধ্যতামূলক শর্তগুলো বাতিল করা হয়েছে। তবে বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলে ভালো অবস্থান ধরে রাখা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন পরবর্তী আরেকটি সভায় এই নীতিমালাটি চূড়ান্ত অনুমোদন দেবেন।

খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের অবকাঠামোগত ও প্রশাসনিক শর্তগুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সরকার জনস্বার্থে যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে পারবে, তবে প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ পর্যাপ্ত নিষ্কণ্টক ও অখণ্ড জমি থাকতে হবে। সরকারি সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমির লিখিত বরাদ্দপত্র বাধ্যতামূলক এবং সেই জমি কেবল বিদ্যালয়ের কাজেই ব্যবহার করতে হবে। ভৌত অবকাঠামোর মধ্যে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের জন্য ভবনে র‍্যাম্প সুবিধা থাকা আবশ্যক। এ ছাড়া বিজ্ঞান বিভাগের জন্য মানসম্মত গবেষণাগার এবং প্রয়োজনীয় কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি ল্যাব নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

শিক্ষক-শিক্ষার্থী ও সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হয়েছে। ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে ‘শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা’ শিরোনামে নতুন ধারা যুক্ত করা হয়েছে, যেখানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণ করা হবে। পাশাপাশি এনটিআরসিএ নিবন্ধিত ও সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে কর্মরত থাকতে হবে। গ্রন্থাগারের শর্ত অনুযায়ী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৩ হাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক কলেজে ১০ হাজার বই থাকতে হবে। এর বাইরে ক্রীড়া, বিতর্ক, বিজ্ঞান মেলা, স্কাউটিং, বিএনসিসি, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা সহপাঠক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বজায় রাখতে হবে।

অগ্রাধিকারের তালিকায় আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও কম শিক্ষার হার বিশিষ্ট এলাকার ঐতিহ্যবাহী ও পুরোনো প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে। সরকার চাইলে বিশেষ বিবেচনায় যেকোনো শর্ত শিথিল করে প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে এবং নীতিমালার যেকোনো ব্যাখ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চলতি ২০২৬ সালে সারা দেশের মোট ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলোর সম্ভাব্যতা যাচাই চলছে। অঞ্চলভিত্তিক এই তালিকায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে বগুড়ার ৯টি, নওগাঁর ৫টি, নাটোরের ৩টি, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের ২টি করে এবং রাজশাহী ও পাবনার ১টি করে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। রংপুর অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৫টি, পঞ্চগড়ের ২টি এবং দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগে ৯টি এবং ময়মনসিংহ বিভাগে আস্কর আলী উচ্চ বিদ্যালয় ও মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় নামে দুটি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় স্থান পেয়েছে।