স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুইজন করে রয়েছেন।
চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব শুরু হয় এবং মার্চে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সমালোচনা ও বিক্ষোভের মুখে এপ্রিলে নির্দিষ্ট কিছু এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরপর সিটি করপোরেশনসহ সারাদেশে আরও দুই দফা টিকাদান ক্যাম্পেইন চালানো হয় এবং অক্টোবরে বাদ পড়া শিশুদের লক্ষ্য করে মাসব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম শেষ হয়।
চার দফা টিকাদান কর্মসূচির পরও সংক্রমণ ও মৃত্যু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ হাজার ২৮০ জন উপসর্গ নিয়ে এবং ১০৫ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বিভাগীয় পর্যায়ে অন্য মৃতদের মধ্যে সিলেটে ২৩২ জন, চট্টগ্রামে ১৩২ জন, ময়মনসিংহে ৯৯ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৫ জন এবং রংপুর বিভাগে ২০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রামে ১৬০ জন, বরিশালে ১১৮ জন, সিলেটে ১০৭ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রাজশাহীতে ৩৬ জন এবং রংপুর বিভাগে ২৯ জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন। সব মিলিয়ে চলতি বছর উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের মধ্যে, যাদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সবার কিংবা হাসপাতালের বাইরের রোগীদের হাম পরীক্ষা না হওয়ায় শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে, কারণ শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই এই হিসাবে নথিভুক্ত করা হয়।



