দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৩০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

একই সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪২৫ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে ২ জন রোগী ভর্তি হন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।