স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন, যাদের বড় অংশই দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি সম্পর্কে অবগত নন। এই উদ্বেগজনক বাস্তবতা মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪টি জেলায় ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ এই সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও শুরুতেই শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই কার্যক্রমে উপজেলা পর্যায়ে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবেন।

দেশব্যাপী কিডনি চিকিৎসা সম্প্রসারণে দক্ষ জনবল গড়তে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিন রোগের সমন্বিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।