রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক অঙ্গ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এই রায়কে ‘অন্যায়’ ও ‘ন্যায়সংগত নয়’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তাদের দাবি, সিদ্ধান্তটি সর্বসম্মত নয় এবং দেশের বিরুদ্ধে ভুলভাবে অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে আদালতের রায়ের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।’

বিজ্ঞাপন · inarticle_1

গাম্বিয়ার করা মামলার প্রায় সাত বছর পর এই রায় এলো, যা ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলো। নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি সংজ্ঞা ও মানদণ্ড পূরণের স্বীকৃতি মেলার এটি চতুর্থ নজির।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করেছে। পাশাপাশি নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এবং দেশটির চলমান সহিংসতায় তাদের দুর্দশা এখনো কাটেনি। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী ঘনবসতিপূর্ণ শিবিরে অত্যন্ত কঠিন ও মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে।

রায় অনুযায়ী, মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যদিও ক্ষতিপূরণের চূড়ান্ত অঙ্ক পরবর্তীতে নির্ধারিত হবে। এ ছাড়া সহিংসতার কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত।

বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গারা আইসিজের এই রায়কে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। তবে নিজেদের ভিটেমাটিতে কবে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট নিশ্চয়তা বা সময়সীমা তৈরি হয়নি।

আইসিজে মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিষয়গুলো বিচার করে থাকে। আদালতের রায় চূড়ান্ত হলেও বাস্তবে তা কার্যকর করার ক্ষেত্রে নিজস্ব প্রয়োগ ক্ষমতা বেশ সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ এসেছে। সেই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে পাঁচ শতাধিক দিন কারাগারে আটকে রাখা হয়েছিল।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখপাত্র খাইং খাইং সোয়ে আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা অতীতেও মন্তব্য করেছেন যে আন্তর্জাতিক বিচার আদালতের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।