উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ মজুত ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র পর্যালোচনা করে দেখা গেছে এ পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫টি ছাড়িয়েছে।

এপির বিশ্লেষণে আরও জানা যায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে আক্রমণের ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্যবস্তু ছিল আগাম সতর্কতাব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম)। এরপর পর্যায়ক্রমে যুদ্ধবিমান এবং ঘাঁটিগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা হয়। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে কেবল কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেই অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

বিজ্ঞাপন · inarticle_1

স্যাটেলাইট চিত্র অনুযায়ী, আলি আল সালেম ঘাঁটিতে চালানো এসব হামলায় অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘাঁটির বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সার্বিকভাবে এপির পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে যে, ইরানের এই পাল্টা আক্রমণে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: ডন