ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের ও মিত্রবাহিনীর সেনাদের সুরক্ষায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের জরুরি সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই পরিকল্পনার আওতায় ইসরায়েলে ১০টি, সৌদি আরবে ৫টি এবং লেবাননে ২টি বাংকার তৈরি করা হবে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঠিকাদারদের মাত্র তিন দিনের মধ্যে দরপ্রস্তাব জমা দিতে বলা হয়েছে এবং নির্বাচিত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে পুরো নির্মাণকাজ শেষ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মরত সেনাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো পরোক্ষ হামলা থেকে বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনারা বর্তমানে রূপান্তরিত পণ্যবাহী কনটেইনারের মতো যেসব সাধারণ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সরিয়ে আগে থেকে তৈরি ও মানসম্মত কংক্রিটের বাংকার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ইসরায়েলে নির্মিতব্য ১০টি বাংকারের প্রতিটিতে শক্তিশালী কংক্রিটের তিনটি স্তর বা অংশ থাকবে। পাশাপাশি প্রবেশ ও বের হওয়ার পথ থেকে এক মিটার দূরে বিস্ফোরণ এবং বোমার স্প্লিন্টার প্রতিরোধী বিশেষ দেয়াল বা ‘আলাস্কা ব্যারিয়ার’ বসানো হবে, যার প্রতিটির উচ্চতা হবে তিন মিটার এবং ওজন প্রায় ৬ দশমিক ১ টন। স্নাইপারের গুলি ঠেকাতে বাংকারগুলোর ছাদে ১৮ ইঞ্চি এবং দুই পাশে চার ফুট পুরু বালুর বস্তার আস্তরণ দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে বাংকারগুলোর সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখা হলেও বিজ্ঞপ্তিতে বিমানঘাঁটির ময়লা ফেলার পাত্র ও স্থান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকায় ধারণা করা হচ্ছে, এগুলো ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিতেই নির্মিত হবে।

নির্মাণকাজে পরিবেশ ও সরঞ্জামের সুরক্ষায় মার্কিন সেনাবাহিনী বেশ কিছু রাসায়নিক ও উপাদান ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে পারদ, সিসা, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, টলুইন, অ্যাসবেস্টস, পিসিবি এবং ক্লোরিনযুক্ত দ্রাবক উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব ক্ষতিকর উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিমানের কাঠামো, যন্ত্রাংশ, স্থায়িত্ব এবং সামগ্রিক নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উপসাগরীয় অঞ্চলে ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন সামরিক অবকাঠামো রক্ষায় এই তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এর আগে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি জর্ডানসহ পুরো অঞ্চলে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার পর গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দ্রুত হামলা-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন, যার ধারাবাহিকতায় জর্ডানেও বহনযোগ্য ও বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স।

সামরিক বিশ্লেষক ও ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে কয়েক ডজন যুদ্ধবিমান ও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইসরায়েলে একটি প্যাট্রিয়ট ও অন্তত একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি থেকে ৩ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩২টি মার্কিন সি-১৭ সামরিক পরিবহন বিমান ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করেছে।